
গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জয় মাহমুদ ওই এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন জয় মাহমুদ। পথে কয়েকজন যুবক তার ওপর অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জয় মাহমুদের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নূর আলম হোসেন জানান, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
তিনি আরও জানান, আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত