নরসিংদীর রায়পুরা উপজেলায় জাহিদুল ইসলাম জুয়েল (৩৫) নামে এক সাবেক পুলিশ সদস্যের হাত-পা বাঁধা অবস্থায় ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে ধারালো অস্ত্র ও গুলির আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ এটিকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে করছে।
বুধবার (২৫ জুন) সকালে রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের দাইরেরপাড় এলাকার একটি বাগানে পড়ে থাকা অবস্থায় জাহিদুলের লাশ দেখতে পান স্থানীয়রা। তারা দ্রুত রায়পুরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত জাহিদুল ইসলাম জেলার বাঁশগাড়ী ইউনিয়নের দিঘলীয়াকান্দি গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য নুরুল ইসলামের ছেলে। তিনি একসময় বাংলাদেশ পুলিশে কর্মরত ছিলেন। তবে ২০২২ সালে তিনি চাকরিচ্যুত হন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ জানান, “জাহিদুলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত এবং গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে আমরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে করছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page