
মাদারীপুর: জেলার একটি কর্মীসভায় ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলা শাখার সদস্য সচিব মাসুম বিল্লাহকে। হামলার পর তাকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটে বুধবার (২৫ জুন) বিকাল ৪টার দিকে শহরের ভূঁইয়া কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত উপজেলা কমিটির এক কর্মীসভায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, অনুষ্ঠান শুরু হওয়ার আগেই এনসিপির জেলা সমন্বয় কমিটির যুগ্ম-সমন্বয়কারী হাসিবুল্লাহর নেতৃত্বে রাতুল, টুটুলসহ ২০–২৫ জনের একটি দল মাসুম বিল্লাহর ওপর অতর্কিত হামলা চালায়। তারা ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে স্থান ত্যাগ করে।
তৎক্ষণাৎ উপস্থিত ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকদের পরামর্শে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক নিয়ামতউল্লা বলেন, “এনসিপির জেলা সমন্বয় কমিটিতে বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মতামতের পরিপন্থী। এই কমিটিই মাসুমের ওপর হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাই।”
সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকাস মাতুব্বর বলেন, “আমরা অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দিই। কিন্তু অনুষ্ঠান শুরুর আগেই আমাদের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা হয়। এটি পূর্বপরিকল্পিত হামলা ছিল।”
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, “ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। হামলায় জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page