
শেরপুর শহরের একটি বেসরকারি হাসপাতাল থেকে চুরি হওয়া এক নবজাতককে মাত্র ৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে নবজাতক চুরির অভিযোগে চাঁদনী বেগম (৩০) নামের এক নারীকে আটক করা হয়েছে।
শনিবার (২৮ জুলাই) বিকেল ৬টার দিকে শ্রীবরদী উপজেলার কুরুয়া কাজীপাড়া এলাকা থেকে নবজাতককে উদ্ধার করা হয়। অভিযুক্ত চাঁদনী বেগম ওই এলাকার চাঁন মিয়ার মেয়ে।
নবজাতকের বাবা ফিরোজ মিয়া জানান, গত বুধবার ইউনাইটেড হাসপাতালে তার স্ত্রী আবেদা বেগম অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন। শনিবার দুপুরে হাসপাতাল ছাড়ার কথা ছিল। কিন্তু সকালে আবেদা বেগম শৌচাগারে গেলে এক কালো বোরকা পরিহিত নারী নবজাতকটিকে নিয়ে পালিয়ে যান।
ঘটনার পরপরই হাসপাতালজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে সন্দেহভাজন নারীর পরিচয় শনাক্ত করে।
স্থানীয়দের সহযোগিতায় শ্রীবরদীর কুরুয়া কাজীপাড়ার চাঁন মিয়ার বাড়ি থেকে নবজাতককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একই সময় অভিযুক্ত চাঁদনী বেগমকে আটক করে থানায় নেওয়া হয়।
শিশুকে ফিরে পেয়ে আবেগে ভেঙে পড়েন বাবা-মা। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, “ঘটনার পরপরই আমরা সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্ত করি এবং অভিযান শুরু করি। আটকের পাশাপাশি নবজাতককে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত