
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে জুলাই অভ্যুত্থানের নেতা ও অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা এবং কনস্যুলেট অফিসে ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একইসঙ্গে এ ঘটনায় দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে অন্তর্বর্তীকালীন সরকার ও যুক্তরাষ্ট্র সরকারকে আহ্বান জানিয়েছে দলটি।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়— যুক্তরাষ্ট্রে বাংলাদেশ কনস্যুলেট অফিসে হামলার চেষ্টা করেছে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা। তারা শুধু মাহফুজ আলমের ওপর হামলা চালাতেই উদ্যত হয়নি, বরং একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর সরাসরি সহিংসতা চালিয়েছে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই হামলা আওয়ামী লীগের ফ্যাসিবাদী, সন্ত্রাসী ও মাফিয়াচরিত্রের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, আওয়ামী লীগ শুধু জুলাই গণহত্যাকে অস্বীকার করেই থেমে নেই, বরং আন্তর্জাতিক অঙ্গনেও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
এনসিপি মনে করে— সাম্প্রতিক সময়ে টকশো, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা ও জুলাই গণহত্যাকে স্বাভাবিকীকরণের প্রচেষ্টা, কলকাতায় আওয়ামী লীগ কার্যালয় স্থাপন এবং বিভিন্ন ফোরামে অভ্যুত্থানকে ষড়যন্ত্র হিসেবে উপস্থাপন— সবই আওয়ামী সন্ত্রাসের ধারাবাহিকতা ও বৃহত্তর চক্রান্তের অংশ।
দলটি উদ্বেগ জানিয়ে আরও বলেছে, ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোনো রাষ্ট্রীয় প্রতিবাদ কিংবা ব্যবস্থা নেয়নি। আমরা সরকারের সুস্পষ্ট অবস্থান ও পদক্ষেপ দেখতে চাই। একইসঙ্গে যুক্তরাষ্ট্র সরকারকে আহ্বান জানাচ্ছি— আওয়ামী লীগের সহিংস কার্যক্রমের প্রেক্ষিতে দলটিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। পাশাপাশি, অভ্যুত্থানের শক্তি প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানাচ্ছি— এই সন্ত্রাসীদের কার্যক্রমের প্রমাণ-তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে উপস্থাপন করুন।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page