
নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে এক দম্পতি ও তাদের চার বছরের সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ফ্ল্যাটের দরজা ভেঙে তাদের মৃতদেহ পাওয়া যায়। নিহতরা হলেন— হাবিবুল্লাহ শিপলু (৩৫), তার স্ত্রী মোহিনী আক্তার মীম (২৫) এবং তাদের ছেলে আফরান (৪)। শিপলুর গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাবিরন গ্রামে। তারা ওই সাততলা ভবনের চতুর্থ তলায় ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, স্থানীয়দের খবর পেয়ে সদর মডেল থানার ওসি নাছির উদ্দিন ও তদন্ত কর্মকর্তা জামাল উদ্দিন ঘটনাস্থলে পৌঁছান। দরজা ভেতর থেকে লক থাকায় স্বজনদের উপস্থিতিতে সেটি ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায়— শিপলু সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে। অন্য কক্ষে স্ত্রী ও সন্তানকে বিছানায় অচেতন অবস্থায় পাওয়া যায়, তাদের মুখের ওপর বালিশ চাপা দেওয়া ছিল।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— শিপলু প্রথমে স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধে হত্যা করেন, পরে নিজে আত্মহত্যা করেন। তিনি আরও বলেন, শিপলু ‘রমজান সমিতি’র ম্যানেজার ছিলেন। করোনা মহামারির সময় সমিতি বন্ধ হয়ে গেলে মালিক গ্রাহকের টাকার বড় অঙ্ক আত্মসাৎ করে পালিয়ে যান। এতে শিপলুর বিরুদ্ধে মামলাও হয় এবং তিনি প্রচণ্ড মানসিক চাপে পড়ে হতাশাগ্রস্ত হয়ে ওঠেন।
নিহতের বড় ভাই অলিউল্লাহ লাভলু জানান, রোববার রাত থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। সোমবার বিকেলে খোঁজ নিতে গিয়ে দরজা বন্ধ পেয়ে সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে লাশ উদ্ধার হয়।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা— তা নিশ্চিত হতে ময়নাতদন্ত ও তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। আইনগত প্রক্রিয়া চলছে।
স্থানীয় সূত্র জানায়, বহু বছর ধরে বাবুরাইল এলাকায় রমজান সমিতির কার্যক্রম চলছিল। তবে মহামারির সময় কার্যক্রম স্থবির হয়ে পড়ে। পরবর্তীতে মালিক বিপুল অঙ্কের টাকা নিয়ে উধাও হন। এরপর গ্রাহকেরা শিপলুর ওপর চাপ সৃষ্টি করলে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। পুলিশের ধারণা, এই চাপই তাকে চূড়ান্ত পদক্ষেপ নিতে বাধ্য করেছে।
ওসি নাছির উদ্দিন বলেন, “ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে হত্যাকাণ্ড— সবকিছু খতিয়ে দেখা হবে।”
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page