
বাড়িভাড়া ভাতা ২০ শতাংশসহ বিভিন্ন দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন শুরু করেছেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের পর থেকে এই অনশন শুরু হয়, যা চলমান রয়েছে রাত পর্যন্ত।
শুক্রবার সকাল থেকেই রাজধানীতে বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা শহীদ মিনার এলাকায় জড়ো হতে থাকেন। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এক সমাবেশ শেষে তারা শহীদ মিনারে অবস্থান নেন। বৃষ্টির মধ্যেও শতাধিক শিক্ষককে মূল বেদিতে অনশনরত অবস্থায় দেখা গেছে, আশপাশেও ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন অনেকে।
আন্দোলনের অন্যতম সংগঠন ‘শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন,
“আজ আমাদের পরিকল্পনা ছিল অনশন করা, সেটি আমরা শুরু করেছি। আমরা সরকারের তামাশামূলক আচরণে ক্ষুব্ধ। আমাদের তিনটি দাবির একটি নিয়েও পূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে না তারা। বরং একটি দাবির চারভাগের একভাগ বাস্তবায়নের কথা বলছে।”
তিনি আরও জানান, শিক্ষকরা সরকারের প্রস্তাবে অসন্তুষ্ট হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
“আগামী রোববার আমরা যমুনা অভিমুখে লংমার্চ করার চিন্তা করছি,” — যোগ করেন তিনি।
উল্লেখ্য, শিক্ষকরা মূলত বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ করা, মেডিকেল ভাতা ১৫০০ টাকা নির্ধারণ এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করার প্রজ্ঞাপন জারির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page