
কক্সবাজার শহরের কলাতলী মোড়ে অবস্থিত জেলার একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভবনের তৃতীয় তলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা।
অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। মুহূর্তেই কয়েকশ মানুষ ঘটনাস্থলে জড়ো হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (অ্যাডমিন) জাহাঙ্গীর সেলিম সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জানান, “কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন ধরেছে, কাছে থাকলে চলে আসেন।”
রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
#কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন





