
চট্টগ্রাম বন্দরে ১২০০ টন সিরামিক শিল্পের কাঁচামাল নিয়ে একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায়, বন্দরের সীমানার কাছাকাছি স্থানে জাহাজটি যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে ডুবে যায়।
শুক্রবার রাতে ‘এমভি জায়ান’ নামের জাহাজটিতে স্টিয়ারিং ও ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। শনিবার সকালে সেটি উপকূলে আনার সময় পতেঙ্গা সৈকতের কাছাকাছি স্থানে অর্ধেকেরও বেশি ডুবে যায়।
বন্দর কর্তৃপক্ষ জানায়, জাহাজটি বহির্নোঙর থেকে কাঁচামাল খালাস করে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। মাঝপথে ডুবে যাওয়ায় সমস্ত পণ্য নষ্ট হয়ে গেছে। তবে বন্দর চ্যানেলে অন্যান্য জাহাজের চলাচলে কোনো বাধা নেই।
জাহাজের মালিক প্রতিষ্ঠান জায়ান শিপিং লাইন্সের অপারেশন অফিসার কাজী মোহাম্মদ শিবলু জানান, “রাতে জাহাজটির স্টিয়ারিং ফেইল করে, পরে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। সকালে তীরে টানার সময় তলা ফেটে পানি ঢুকে ডুবে যায়।”
দুর্ঘটনার সময় জাহাজে থাকা ১৩ নাবিকই নিরাপদে আছেন।
লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সচিব এম এ রনি বলেন, “নেভাল একাডেমির কাছে আসতেই জাহাজটি চরে আটকে তলা ফেটে যায়। মুহূর্তেই তিনটি হ্যাচে পানি ঢুকে পড়ে এবং প্রায় ৯০ শতাংশ জাহাজ পানির নিচে তলিয়ে যায়।”
#চট্টগ্রাম বন্দরে ১২০০ টন কাঁচামাল নিয়ে জাহাজডুবি
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত