
আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পর্নোগ্রাফি কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে এক বাংলাদেশি দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বান্দরবান জেলা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মুহাম্মদ আজিম (২৮) ও তার সঙ্গী বৃষ্টি (২৮)। আজিমের বাড়ি চট্টগ্রামে এবং বৃষ্টির বাড়ি মানিকগঞ্জে।
সোমবার (২০ অক্টোবর) রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, এ দম্পতি শুধু নিজেরাই পর্ন ভিডিও তৈরি করতেন না, বরং অন্যদেরও এই অবৈধ কাজে সম্পৃক্ত করার চেষ্টা করতেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ২০২৪ সালের মে মাসে তাদের প্রথম ভিডিও প্রকাশিত হয়। এরপর এক বছরে তারা মোট ১১২টি ভিডিও প্রকাশ করে, যা দেখা হয়েছে ২ কোটি ৬৭ লাখবারেরও বেশি।
তারা একাধিক আন্তর্জাতিক পর্ন ওয়েবসাইটে ভিডিও আপলোড করতেন এবং টেলিগ্রাম, ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে প্রচারণা চালাতেন।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে মোবাইল, সিমকার্ড, ক্যামেরা, ট্রাইপডসহ পর্ন ভিডিও তৈরির সরঞ্জাম জব্দ করেছে সিআইডি।
তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, দম্পতি দুজনই দরিদ্র পরিবারে বেড়ে উঠেছেন এবং তেমন শিক্ষিত নন। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের, আদালতে সোপর্দ ও রিমান্ডের আবেদন প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর ‘দ্য ডিসেন্ট’ নামের এক গণমাধ্যমে ‘পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশি যুগল যেভাবে আন্তর্জাতিক পর্ন তারকা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি আলোচনায় আসে।
#আন্তর্জাতিক পর্নোগ্রাফি চক্রে জড়িত বাংলাদেশি যুগল গ্রেফতার





