
আইডিয়াল ম্যারেজ ব্যুরোর প্রতিষ্ঠাতা ও জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি মামুনুর রশিদ কাশেমী বলেছেন, জীবনে একাধিক বিয়ে হওয়া কোনো অন্যায় নয়। তবে একসঙ্গে চারজনের বেশি স্ত্রী রাখা ইসলামে বৈধ নয়।
সোমবার (২০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন,
“বাংলাদেশে লাখ লাখ মানুষ আছেন, যাদের এক স্ত্রী টিকতে গিয়ে জীবনে ৩–৪টা বিয়ে হয়েছে। কেউ স্ত্রী হারিয়েছেন, কেউ তালাক দিয়েছেন—এটা কোনো অপরাধ নয়।”
তিনি আরও লেখেন,
“যারা একসঙ্গে চারজন স্ত্রী রাখবেন, তাদেরও যৌক্তিক কারণে দুই–তিনজনকে তালাক দিতে হতে পারে—এটাই বাস্তবতা।”
তবে নির্যাতনকারীদের কঠোরভাবে সমালোচনা করে কাশেমী বলেন,
“যে স্বামী জুলুম করে, সে এক স্ত্রী রাখুক বা একাধিক—সবক্ষেত্রেই অপরাধী। আর যে ন্যায়পরায়ণ, সে সব স্ত্রীর প্রতিই আদেল।”
নিজের বিয়ের প্রসঙ্গেও মন্তব্য করেন মুফতি কাশেমী। তিনি বলেন,
“আমার বা অন্য কারো জীবনে ৮–১০টা বিয়ে হয়েছে বলে গালাগালি করা ঠিক নয়। যারা অনেকগুলো বিয়ে বা তালাককে ঘৃণা করছেন, তারা আসলে নবী-সাহাবাদের জীবনধারার বিরুদ্ধেই কথা বলছেন।”
তিনি সতর্ক করে বলেন,
“আজ যদি সমাজে অনেক বিয়েকে ঘৃণা করা হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নবী-রাসূলদের একাধিক বিবাহ নিয়েও নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করবে—এটাই সবচেয়ে ভয়ংকর বিষয়।”
পোস্টের শেষে কাশেমী আহ্বান জানান,
“যাদের জীবনে একাধিক বিবাহ বা তালাক আছে, তারা যদি কোনো জুলুম না করেন এবং ন্যায়পরায়ণ থাকেন, তবে তাদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি নেতিবাচক হওয়া উচিত নয়।”
#৮-১০টা বিয়ে হওয়া কোনো অন্যায় নয় মুফতি মামুনুর রশিদ কাশেমী





