
চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ হামলার শিকার হয়েছেন দৈনিক জনকণ্ঠের সীতাকুণ্ড প্রতিনিধি ও স্থানীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী। রোববার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে কলেজ রোড এলাকায় তাঁর বাড়ির সামনে মব সৃষ্টি করে হামলা চালায় আসাদ নামের এক যুবক ও তার অনুসারীরা।
চোখের সামনে সাংবাদিককে পেটাতে পেটাতে থানায় নিয়ে যাওয়া হয়। থানার গেটের সামনেও চলে পিটুনি — পুলিশের উপস্থিতিতেও থামেনি হামলাকারীরা। পরে গুরুতর আহত অবস্থায় লিটনকে প্রথমে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে, এরপর অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার বর্ণনা:
প্রত্যক্ষদর্শীরা জানান, ৮–১০ জন অস্ত্রধারী যুবক ‘আওয়ামী লীগের দালাল ধর, ইসকন নিধন কর’— এমন স্লোগান দিয়ে লিটনের বাড়ির সামনে জড়ো হয়। এরপর তাকে টেনে-হিঁচড়ে মারধর করে, প্রায় আধা কিলোমিটার হাঁটিয়ে থানায় নিয়ে যায়।
লিটন অভিযোগ করেন, “তারা দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে, আমার ৪৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।”
তার ছেলে রাকেশ কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বাবাকে রক্তাক্ত অবস্থায় দেখেছি। বাঁচাতে গেলে আমাকেও মারধর করা হয়।”
সম্প্রতি সীতাকুণ্ডে একাধিক সাংবাদিকের ওপর হামলার চেষ্টা হয়েছে। কয়েকদিন আগেই প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৌমিত্র চক্রবর্তীর ওপরও হামলার চেষ্টা চালানো হয়।
#মব সৃষ্টি করে সীতাকুণ্ডে সাংবাদিকের ওপর নৃশংস হামলা
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page