
রাজবাড়ী-১ আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন পরিবর্তনের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন।
বিএনপির বর্তমান প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিল এবং মনোনয়ন বঞ্চিত আসলাম মিয়াকে প্রার্থী ঘোষণার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার অনুসারীরা।
রোববার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোয়ালন্দ মোড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক ও রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এই বিক্ষোভের ঘটনা ঘটে।
আসলাম মিয়ার সমর্থকরা দাবি করেন—১৭ বছর যাবত আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। নির্যাতনের সময় নেতাকর্মীদের পাশে থাকলেও তার প্রাপ্য মনোনয়ন দেয়া হয়নি।
তাদের ভাষায়—
“আসলাম মিয়াকে ধানের শীষের প্রার্থী করা হলে তার বিজয় কেউ ঠেকাতে পারবে না।”
বিক্ষোভের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা অবরোধ চলার পর বিক্ষোভকারীরা সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এসময় বক্তৃতা দেন রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, সদস্য সচিব মজিবুর রহমান, পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন মিয়া, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশাররফ আহমেদসহ আরও অনেক নেতা।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান—সাড়ে ৫টার দিকে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেওয়ায় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page