
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে গত ১৮ অক্টোবর যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তা কোনো ‘ষড়যন্ত্রমূলক’ নয়, বরং বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে—এমনটাই জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।
মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, কার্গো ভিলেজে কুরিয়ার সার্ভিসগুলোর পণ্যের স্তূপে শর্ট সার্কিটের স্ফুলিঙ্গ থেকে আগুন ধরে যায়। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ছোট ছোট লোহার খাঁচা থাকায় সেখানে আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থাকে ব্যাপক বেগ পেতে হয়।
এ ঘটনায় দেশীয় সংস্থা ছাড়াও তুরস্কের একটি বিশেষজ্ঞ দল তদন্তে অংশ নেয়। আরও তিনটি পৃথক কমিটি গঠনের কথা জানালেও তাদের প্রতিবেদন এখনও পাওয়া যায়নি।
উল্লেখ্য, অগ্নিকাণ্ডের দিন ৩৭টি ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় ২৭ ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে সেনাবাহিনী, নৌবাহিনী ও বাংলাদেশ বিমানের বিশেষ দল অংশ নেয়। আগুনের কারণে বিমান ওঠানামাও সাময়িক স্থগিত করা হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page