
কুমিল্লার হোমনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)—এসিল্যান্ডের—সরকারি গাড়ির চাপায় ফাইজা আক্তার নামের তিন বছরের এক শিশু নিহত হয়েছে। বুধবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরের টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ফাইজা বরিশালের উজিরপুর উপজেলার পুটিয়ার তেরদ্রন এলাকার ফাইজুল হকের মেয়ে। তিনি একটি ওষুধ কোম্পানির কর্মকর্তা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মায়ের সঙ্গে বিদ্যালয়ে আসে ফাইজা। একই প্রতিষ্ঠানের প্লে গ্রুপে পড়ে তার বড় ভাই আয়ান। ইনস্টিটিউটের সামনে রাস্তায় খেলার সময় হঠাৎ দ্রুতগতির এসিল্যান্ডের সরকারি গাড়িটি শিশুটিকে পিষে দেয়। ঘটনাস্থলেই মারা যায় ফুটফুটে শিশুটি। মুহূর্তেই এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
দুর্ঘটনার পর গাড়িচালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে হোমনা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাসের এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম হাসপাতালে গিয়ে শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন। ফাইজার বাবা গাড়িচালকের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম বলেন, “সকালে মায়ের সঙ্গে বিদ্যালয়ে আসে ফাইজা। তার বড় ভাই আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী।”
হোমনা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, “এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাসের বলেন, “শিশুটি আমার নিজের সন্তানও হতে পারত। ঘটনার সময় আমি গাড়িতে ছিলাম না। খবর পেয়ে দ্রুত হাসপাতালে আসি। ন্যায়বিচারের জন্য যা করার দরকার, তা করা হবে।”





