
সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৮ জন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন। হামলার পর ওই এলাকায় সংঘর্ষ এখনো চলমান রয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) রাত ১০টায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে।
আইএসপিআর জানায়, সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের দায়িত্ব পালনকালে বাংলাদেশি শান্তিরক্ষীদের লক্ষ্য করে সন্ত্রাসী হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই ৬ জন শান্তিরক্ষী নিহত হন এবং গুরুতর আহত হন আরও ৮ জন। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, আবেই অঞ্চলটি উত্তর ও দক্ষিণ সুদানের মধ্যবর্তী একটি বিতর্কিত এলাকা। উভয় দেশই এই অঞ্চলের মালিকানা দাবি করে আসছে। দীর্ঘদিন ধরেই এ অঞ্চলে সংঘাত ও সহিংসতা বিরাজমান, যার ফলে সেখানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে এই মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
হামলার বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে আইএসপিআর সূত্রে জানানো হয়েছে।





