এক মাস আগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে সুদানে পাড়ি জমিয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক শামীম রেজা। পরিবারকে বলেছিলেন—ডিউটি শেষে ফিরে এসে গড়বেন নতুন জীবন।
কিন্তু মুহূর্তেই নিভে গেল সেই স্বপ্ন।
আফ্রিকার দেশ সুদানের আবেই এলাকায় সন্ত্রাসী হামলায় শহীদ হন শান্তিরক্ষী সৈনিক শামীম রেজা। তাঁর গ্রামের বাড়ি রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হোগলাডাঙ্গি গ্রামে এখন শুধুই শোক আর কান্না।
রোববার দুপুরে সেখানে গিয়ে দেখা যায়—বাড়ির সামনে নির্বাক হয়ে বসে আছেন বাবা আলম ফকির। স্বজন ও প্রতিবেশীরা তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও, বারবার ভেঙে পড়ছেন তিনি।
শামীম ছিলেন তিন ভাই ও এক বোনের মধ্যে সবার বড়। মেজ ভাই সৌদি আরব প্রবাসী, ছোট ভাই বেকার অবস্থায় বাড়িতেই থাকেন। একমাত্র বোন পড়াশোনা করছেন হাফেজিয়া মাদ্রাসায়।
বাবা আলম ফকির বলেন, কৃষিকাজ করে ছেলেকে লেখাপড়া শিখিয়েছেন তিনি। প্রায় আট বছর আগে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন শামীম। গত ৭ নভেম্বর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে যান।
তিনি আরও বলেন, ঘটনার আগের দিন শুক্রবার ছেলের সঙ্গে ভিডিও কলে কথা হয়। শামীম বলেছিল—‘আব্বু, আমি ডিউটিতে যাচ্ছি, দোয়া কইরো।’
কিন্তু সেই ডিউটি থেকেই আর ফিরে আসেনি তাঁর ছেলে।
শনিবার রাত ১২টার দিকে পরিবারের কাছে আসে দুঃসংবাদ—শামীম আর নেই।
পরিবার জানায়, দেড় বছর আগে কুষ্টিয়ার খোকসায় বিয়ে করেছিলেন শামীম। তাঁর স্বপ্ন ছিল—ভাই-বোনদের ভবিষ্যৎ গড়ে তোলা। মেজ ভাইকে সৌদি আরব পাঠিয়েছেন, ছোট ভাইকে সিঙ্গাপুর পাঠানোর প্রস্তুতিও নিচ্ছিলেন। এমনকি মিশন শেষে একমাত্র বোনের জন্য সোনার গহনা নিয়ে আসার পরিকল্পনাও ছিল তাঁর।
সব স্বপ্ন শেষ হয়ে গেল এক নিমিষেই।
শামীমের ছোট ভাই সোহান ফকির সরকারের কাছে দাবি জানিয়েছেন—শহীদ ভাইয়ের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়ার।
এদিকে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষীদের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত এবং আরও আটজন আহত হয়েছেন।
আইএসপিআর জানায়, ওই এলাকায় এখনো পরিস্থিতি অস্থিতিশীল এবং সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ চলমান রয়েছে। আহত শান্তিরক্ষীদের চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সাল থেকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিসফা-তে বাংলাদেশের একটি ব্যাটালিয়ন মোতায়েন রয়েছে।
দেশের জন্য শান্তি রক্ষার মিশনে গিয়ে জীবন দিলেন সৈনিক শামীম রেজা—ফিরলেন শহীদের মর্যাদায়।
