
রকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত মেধা যাচাই পরীক্ষা কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসান–এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ স্থগিতাদেশ দেন।
বুধবার (১৭ ডিসেম্বর) রিটকারির পক্ষে শুনানিতে থাকা আইনজীবী অ্যাডভোকেট নিয়াজ মোর্শেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
আদালতের নির্দেশনার ফলে আগামী ২১, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকা মেধা যাচাই পরীক্ষা আপাতত আর হচ্ছে না। এমআর পদ্ধতিতে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ বিজ্ঞান বিষয়ে এই পরীক্ষা নেওয়ার কথা ছিল। পাশাপাশি প্রতিটি পরীক্ষার্থীর কাছ থেকে ১০০ টাকা ফি নির্ধারণ করা নিয়েও প্রশ্ন ওঠে।
এর আগে প্রাথমিক শিক্ষা অধিদফতর–এর জারি করা এক স্মারকে পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কেরানীগঞ্জ পাবলিক ল্যাবরেটরি স্কুলের পরিচালক ফারুক হোসেন ও দুইজন অভিভাবক গত ১০ ডিসেম্বর হাইকোর্টে রিট আবেদন করেন।
রিটে শিক্ষার্থীদের ওপর বাড়তি মানসিক চাপ, পরীক্ষার প্রয়োজনীয়তা এবং ফি আদায়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়। প্রাথমিক শুনানি শেষে আদালত এক মাসের জন্য পরীক্ষা কার্যক্রম স্থগিতের আদেশ দেন।





