
রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় নিজ বাসায় ফাতেমা আক্তার লিলি (১৭) নামের এক স্কুলছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে দক্ষিণ বনশ্রী প্রধান সড়কের ‘প্রীতম ভিলা’ নামের একটি বাসায় এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত লিলি স্থানীয় রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহত লিলির পরিবার হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বাসিন্দা। তারা দক্ষিণ বনশ্রী এল ব্লকের ‘প্রীতম ভিলা’র একটি বাসায় ভাড়া থাকত। লিলির বড় বোন শোভা জানান, জমিজমা সংক্রান্ত কাজে তাদের বাবা-মা গত বুধবার গ্রামে যান। শনিবার দুপুরে শোভা জিমনেসিয়ামে যাওয়ার সময় লিলিকে ঘরের দরজা লক করে দিতে বলেন। জিম থেকে ফিরে তিনি ঘরের দরজা খোলা এবং ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান।
শোভা আরও জানান, "ঘরের ভেতরে একটি বড় পাতিলের নিচে লিলিকে কুঁকড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখি। প্রথমে ভেবেছিলাম মাথায় আঘাত পেয়েছে, কিন্তু হিজাব সরাতেই দেখি গলার রশি প্যাঁচানো এবং বঁটি দিয়ে গলা কাটা।"
লিলির পরিবারের একটি ভাতের হোটেল রয়েছে। পরিবারের দাবি, গত বৃহস্পতিবার রাতে খাবার নিতে এসে হোটেলের কর্মচারী মিলনের সঙ্গে লিলির কথাকাটাকাটি ও কিছুটা খারাপ ব্যবহার হয়েছিল। আজ দুপুরের দিকেও মিলন ওই বাসায় খাবার নিতে এসেছিলেন। পরিবারের সদস্যদের সন্দেহ, সেই ক্ষোভ থেকেই মিলন এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।
নিহতের বড় বোন অভিযোগ করেন, লিলিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধারের পর বাড়ির মালিক বা অন্য কোনো প্রতিবেশী সাহায্যের জন্য এগিয়ে আসেননি। পরে এক বন্ধুর সহযোগিতায় রিকশায় করে লিলিকে বনশ্রীর ফরাজী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ফরাজী হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে। তিনি বলেন, “শিক্ষার্থীটির গলা কাটা ছিল। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং অপরাধীকে শনাক্ত করতে পুলিশ ইতিমধ্যেই কাজ শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।”
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত