
নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পাওয়ার আনন্দ নিয়ে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আজিজার রহমান। কিন্তু পথিমধ্যেই তিনি অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে খুইয়েছেন নগদ টাকা ও মোবাইল ফোন। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় রংপুরের মডার্ন মোড় এলাকা থেকে মহাসড়কের পাশ থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ জানায়, আজিজার রহমান বিকেলে ঢাকা থেকে ‘পিংকী এন্টারপ্রাইজ’-এর একটি বাসে চড়ে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হন। বাসের ভেতরেই অজ্ঞানপার্টির সদস্যরা কৌশলে তাঁকে ডিম খাওয়ায়। ডিম খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি অচেতন হয়ে পড়েন। সুযোগ বুঝে দুর্বৃত্তরা তাঁর সঙ্গে থাকা নগদ টাকা ও দামী মোবাইল ফোন লুটে নিয়ে তাঁকে রংপুরের মডার্ন মোড়ে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাজহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, "আজিজার রহমানের মনোনয়নপত্রে ত্রুটি থাকায় রিটার্নিং কর্মকর্তা সেটি বাতিল করেছিলেন। তিনি ইসিতে আপিল করে প্রার্থিতা ফেরত পান। সেই খুশিতেই তিনি বাড়ি ফিরছিলেন। বর্তমানে তিনি কিছুটা সুস্থ হয়েছেন এবং তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাঁকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হবে।"
প্রাথমিক সুস্থতা লাভের পর আজিজার রহমান জানান, বাসে সহযাত্রী সেজে থাকা কিছু লোক অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাঁকে ডিম খেতে দিয়েছিল। তিনি ভাবতেও পারেননি এর পেছনে এমন ভয়াবহ উদ্দেশ্য লুকিয়ে ছিল।
নির্বাচনী এলাকায় তাঁর প্রার্থিতা ফিরে পাওয়ার খবরে যখন সমর্থকরা উৎসবের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় তাঁর পরিবার ও অনুসারীদের মাঝে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত