
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা আমির তোফায়েল আহমদ খানকে তাঁর নিজের কার্যালয়েই তালাবদ্ধ করে রেখেছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। ১০ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী এই আসনটি ছেড়ে দেওয়ার প্রতিবাদে এবং প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার ঠেকাতে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে এই নজিরবিহীন ঘটনা ঘটে।
মঙ্গলবার দুপুর ৩টার দিকে সুনামগঞ্জ শহরের হাছননগরে অবস্থিত জামায়াতের জেলা কার্যালয়ে কয়েকশ’ নেতাকর্মী জড়ো হন। তাঁরা জেলা আমির তোফায়েল আহমদকে একটি কক্ষে তালাবদ্ধ করে রেখে বাইরে বিক্ষোভ করতে থাকেন। নেতাকর্মীদের দাবি, সুনামগঞ্জ-১ আসনটি জামায়াতের শক্ত ঘাঁটি এবং কোনো অবস্থাতেই এই আসন অন্য কাউকে ছেড়ে দেওয়া হবে না।
জানা গেছে, ১০ দলীয় জোটের কেন্দ্রীয় আসন সমঝোতা অনুযায়ী সুনামগঞ্জ-১ আসনটি 'নেজামে ইসলাম পার্টি'কে ছেড়ে দিয়েছে জামায়াতে ইসলামী। তবে কেন্দ্রীয় এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় নেতাকর্মীরা। জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ ফোনে জানান, “অফিসে আমি নিজেও অবরুদ্ধ হয়ে আছি। তালা খুলে দেওয়ার জন্য আমরা কর্মীদের বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তাঁরা আমাদের কথা শুনতে রাজি নন।”
বিকেল সাড়ে ৩টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত জেলা আমির তোফায়েল আহমদ অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। বাইরে নেতাকর্মীরা মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হয়ে আসলেও কর্মীদের বাঁধার কারণে প্রার্থী রির্টানিং অফিসারের কার্যালয়ে যেতে পারছেন না। এই পরিস্থিতির কারণে আসনটিতে জোটের সমঝোতা বাস্তবায়ন নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
নিরাপত্তা রক্ষার্থে কার্যালয়ের আশেপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে কি না বা কেন্দ্র থেকে কোনো নতুন নির্দেশনা এসেছে কি না, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page