
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে ফরিদপুর–বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ট্রাকচালক রাশেদ শেখ (২৮) ও হেলপার নবীন শেখ (২২)। দুজনেরই বাড়ি ফরিদপুর জেলার ধলার মোড় এলাকায়।
পুলিশ জানায়, ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ভাঙ্গাগামী ইটবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
দুর্ঘটনার ফলে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে, আহতদের মধ্যে ২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আটজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page