
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, জামায়াতে ইসলামী একটি উগ্রবাদী দল এবং বাংলাদেশে তাদের বর্তমান শক্তিবৃদ্ধির জন্য দীর্ঘ ১৫ বছরের আওয়ামী দুঃশাসনই দায়ী। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের তাঁতীপাড়ায় নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ ১৫ বছর দেশে ফ্যাসিস্ট শাসন কায়েম ছিল। ইতিহাসে দেখা গেছে, যখনই গণতন্ত্রকে চাপা দেওয়া হয়, বিরোধী দলের কণ্ঠ রোধ করা হয়, তখনই সমাজে উগ্রবাদী শক্তিগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। বাংলাদেশেও ঠিক তা-ই হয়েছে। আওয়ামী লীগের দমন-পীড়ন এবং বিএনপিকে সুস্থ রাজনীতি করতে না দেওয়ার সুযোগেই জামায়াতের মতো শক্তিগুলোর উত্থান হয়েছে।”
ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিজয়ী এই প্রবীণ নেতা বলেন, “ইতোমধ্যে দেশের মানুষ উগ্রবাদকে প্রত্যাখ্যান করেছে। বিএনপির ২-তৃতীয়াংশ মেজরিটি পাওয়ার তথ্য পাওয়া যাচ্ছে। জনগণ প্রমাণ করেছে তারা সুষ্ঠু, সৎ এবং জনকল্যাণমুখী রাজনীতি চায়। আমরা জনগণের এই ম্যান্ডেট নিয়ে দেশের সব অপপ্রবণতাকে রুখে দিতে সক্ষম হব।”





