
পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরকে সামনে রেখে চলতি বছরের (১৪৪৭ হিজরি) সাদাকাতুল ফিতরের হার নির্ধারণ করা হয়েছে। এ বছর জনপ্রতি ফিতরার হার সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতীব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।
ইসলামি শরিয়াহ অনুযায়ী—আটা, খেজুর, কিসমিস, পনির বা যবের মধ্যে যেকোনো একটি পণ্যের বাজারমূল্যের ওপর ভিত্তি করে ফিতরা নির্ধারণ করা হয়। আটার বাজারমূল্যের ওপর ভিত্তি করে সর্বনিম্ন ১১০ টাকা এবং উন্নত মানের পনির বা খেজুরের বাজারমূল্যের ওপর ভিত্তি করে সর্বোচ্চ হার ২ হাজার ৮০৫ টাকা ধার্য করা হয়েছে। মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এই তালিকার যেকোনো একটি হার বেছে নিয়ে ফিতরা আদায় করতে পারবেন।
উল্লেখ্য, গত বছর অর্থাৎ ১৪৪৬ হিজরি (২০২৫ সাল)-এর জন্য নির্ধারিত সর্বনিম্ন ও সর্বোচ্চ ফিতরার হারও একই ছিল। বাজারদরের বিশেষ পরিবর্তন না হওয়ায় এ বছরও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে ইসলামিক ফাউন্ডেশন।
সভায় উপস্থিত আলেম-ওলামারা জানান, নিসাব পরিমাণ মালের মালিক হলে প্রত্যেক মুসলিমের জন্য ফিতরা আদায় করা ওয়াজিব। ঈদের নামাজের আগেই অভাবী মানুষের মাঝে এই অর্থ পৌঁছে দেওয়া জরুরি, যাতে তাঁরাও ঈদের আনন্দে শরিক হতে পারেন।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিশিষ্ট আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।





