
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে পুলিশ নিহতের ঘটনা নিয়ে দ্রুত তদন্ত কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যে দিকনির্দেশনা দিয়েছেন, সরকার সেই পথেই হাঁটবে বলে নিশ্চিত করেছেন তিনি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্তের বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে এবং দ্রুত তদন্ত করা হবে। এছাড়াও যদি প্রয়োজন মনে হয় তদন্ত করতে হবে, কারণ বিষয়গুলো এখন আদালতে আছে।”
বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, “দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছিলাম ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল ও অকার্যকর করে ফেলেছিল। নতুন সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো সেসব প্রতিষ্ঠানকে পুনর্গঠন করা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সুশাসনের কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করা।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য তাঁর এলাকার মানুষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আবেগপূর্ণ কণ্ঠে বলেন, “আমি সব থেকে বেশি ঋণী ঠাকুরগাঁও-১ আসনের মানুষের কাছে। তারা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সংসদ সদস্য ও মন্ত্রী হওয়ার সুযোগ করে দিয়েছেন। তাদের এই আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি দায়িত্বশীলভাবে কাজ করতে চাই।”
ঠাকুরগাঁও-১ আসনের মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সংস্কার এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের দিকে মনোনিবেশ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





