ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে অভিযান চালিয়ে যাত্রী হয়রানির দায়ে দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে আরও তিনজনকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দৌলতদিয়া বাসস্ট্যান্ড, ফেরিঘাট ও আশপাশ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান।
অভিযানকালে যাত্রী হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় দুইজনকে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে একটি বাস কাউন্টারের টিকিট বিক্রেতাকে ৫ হাজার টাকা এবং এক মাহেন্দ্রচালককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে এক চালককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়াও তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়া হয়েছে।
ঈদকে কেন্দ্র করে দৌলতদিয়া ঘাটে যাত্রী চাপ বেড়ে যাওয়ায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page