
মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলায় অপহৃত এক শিশুর মরদেহ উদ্ধারের পর উত্তেজিত জনতার গণপিটুনিতে সন্দেহভাজন এক যুবকের বাবা ও চাচার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল (কান্দুরপার ব্রিজ) এলাকায় এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে। নিহতরা হলেন—অটোরিকশা চালক পান্নু মিয়া (৩৫) এবং তাঁর ভাই ফজলু মিয়া (২৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বনপারিল এলাকার দুদুল মিয়ার ৮ বছর বয়সী মেয়ে আতিকা নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালিয়েও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে রাত ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে হাত-পা বাঁধা অবস্থায় আতিকার নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থলের আশেপাশে নাঈম হোসেন নামে এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা তাকে আটক করে। খবর পেয়ে নাঈমের বাবা পান্নু মিয়া, চাচা ফজলু ও ভাই নাজমুল হোসেন তাকে ছাড়িয়ে নিতে ঘটনাস্থলে পৌঁছালে গ্রামবাসীর সঙ্গে তাঁদের বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে উত্তেজিত জনতা তাঁদের ওপর চড়াও হয়। জনরোষের মুখে নাঈম পালিয়ে যেতে সক্ষম হলেও তাঁর বাবা ও চাচা গণপিটুনির শিকার হন। এতে ঘটনাস্থলেই পান্নু মিয়া ও ফজলু মিয়ার মৃত্যু হয়। হামলায় নাঈমের ভাই নাজমুল হোসেনও গুরুতর আহত হন।
খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতেই জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মামুন এবং সদর থানার ওসি মো. ইকরাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
মানিকগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু হত্যার জেরে স্থানীয়দের গণপিটুনিতে দুইজনের মৃত্যু হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ওসি মো. ইকরাম হোসেন বলেন, “শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একই সঙ্গে গণধোলাইয়ের মাধ্যমে আইন হাতে তুলে নেওয়ার ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।” এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page