রাজবাড়ীর পাংশায় নবযোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীনের সঙ্গে উপজেলার সকল দপ্তর প্রধান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে সরকারি দপ্তর, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
তিনি উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে কর্মকর্তাদের মতামত গ্রহণ করেন। সভায় উপজেলার বিভিন্ন সড়কের বেহাল অবস্থা, বদ্ধ ভূমি, যানজট, নদীভাঙন, মুক্তিযোদ্ধাদের কল্যাণমূলক কার্যক্রম এবং পাংশা বাজারে পাবলিক টয়লেট স্থাপনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন জেলা প্রশাসক।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনগণের কল্যাণে এবং সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই জনগণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করা সম্ভব।
সরকারি বিভিন্ন কার্ড যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ অন্যান্য সুবিধা বিতরণে কোনো অনিয়ম বরদাশত করা হবে না বলে সতর্ক করে দেন তিনি। এ ক্ষেত্রে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করার নির্দেশনা দেন জেলা প্রশাসক।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক, সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদ, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ্ মো. রফিকুল ইসলাম, পাংশা পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page