
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় টানা বৃষ্টিতে জমির পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ার দৃশ্য সহ্য করতে না পেরে আহাদ মিয়া (৫৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) সকালে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে এই ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা হরমুজ আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে আহাদ মিয়া শ্রমিকদের সঙ্গে হাওরে নিজের জমির পাকা ধান কাটতে যান। কিন্তু সেখানে গিয়ে দেখেন, তার পুরো জমি পানিতে ডুবে গেছে। এই দৃশ্য দেখে তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন।
পরে তাকে দ্রুত উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের ভাই ও স্থানীয় ইউপি সদস্য আহামেদ আলী জানান, নিজের চোখের সামনে ৬ বিঘা জমির পাকা ধান পানিতে তলিয়ে যেতে দেখে মানসিকভাবে ভেঙে পড়েন আহাদ মিয়া। সেই ধাক্কা সহ্য করতে না পেরে তিনি জমিতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
এ বিষয়ে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন জানান, টানা বৃষ্টির কারণে অনেক কৃষকের ধান পানিতে তলিয়ে গেছে। এমন পরিস্থিতিতে ধান কাটতে গিয়ে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত