
সুন্দরবনে বনদস্যুদের হাতে সাত দিন জিম্মি থাকার পর ৭ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে পরিবারের কাছে ফিরেছেন ১১ জেলে। তবে আজ রোববার (১০ মে) পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে।
ফিরে আসা জেলেরা হলেন— শরণখোলার উত্তর রাজাপুর গ্রামের ইয়াসিন হাওলাদার (২৩), রুবেল হাওলাদার (৩০), আলমগীর ফরাজী (৫০), বাদল হাওলাদার (৩৫), সজিব হাওলাদার (২৭), হাফিজুল (২২), ছগির (৩২), পাথরঘাটার রুবেল (২৫), খুলনার বটিয়াঘাটার দেব চন্দ্র (২৫), রাকিব (২৩) ও লুৎফর হাওলাদার (৩০)।
জেলেদের ভাষ্য অনুযায়ী, গত ৩ মে রাতে পূর্ব সুন্দরবনের আলোরকোল এলাকা থেকে জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের অপহরণ করে নিয়ে যায়। পরে তাদের পায়ে শিকল পরিয়ে আটকে রাখা হয়।
অপহরণের তিন দিন পর সুন্দরবনের আরেক দস্যু দল শরিফ বাহিনীর সঙ্গে জাহাঙ্গীর বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটে। সংঘর্ষে জাহাঙ্গীর বাহিনী পিছু হটলে শরিফ বাহিনী ওই ১১ জেলেকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সুন্দরবনের অজ্ঞাত স্থানে আটকে রাখে।
ভুক্তভোগী জেলে রুবেল হাওলাদার বলেন, “৩ মে রাতে আমাদের অপহরণ করে নিয়ে যায় জাহাঙ্গীর বাহিনী। পরে মুক্তিপণের জন্য শিকল দিয়ে বেঁধে রাখা হয়। ৫ মে শরিফ বাহিনীর সঙ্গে গোলাগুলির পর তারা পালিয়ে গেলে শরিফ বাহিনী আমাদের জিম্মি করে অন্য জায়গায় নিয়ে যায়।”
তিনি আরও জানান, ৭ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ দেওয়ার পর শুক্রবার ভোরে ধানসাগর আড়ুয়াবয়ার নদীর মোহনায় নৌকাযোগে তাদের ছেড়ে দেওয়া হয়। বন্দিদশায় দস্যুরা তাদের ওপর নির্যাতনও চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাজন জানান, দস্যুরা প্রথমে ১১ জেলের জন্য ১১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। পরে দর-কষাকষির মাধ্যমে প্রতিজনের জন্য ৭০ হাজার টাকা করে মোট ৭ লাখ ৭০ হাজার টাকায় সমঝোতা হয়। বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর পর জেলেদের মুক্তি দেওয়া হয়।
তিনি আরও বলেন, ভবিষ্যতে আবারও দস্যুদের হামলার শিকার হওয়ার আশঙ্কায় জেলেরা প্রকাশ্যে কথা বলতে ভয় পাচ্ছেন।
এ বিষয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, “মুক্তিপণ দিয়ে ১১ জেলে ফিরে আসার খবর আমরা শুনেছি। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page