
মিরপুর টেস্টে দুর্দান্ত বোলিং নৈপুণ্যে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। নাহিদ রানার আগুনঝরা পেসে সফরকারীদের মাত্র ১৬৩ রানে গুটিয়ে দিয়ে ১০৪ রানের জয় তুলে নিয়েছে টাইগাররা। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নাজমুল হোসেন শান্তর দল।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটে জয়ের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ২৩ বছর। এর আগে টানা ১১ ম্যাচে হারের তিক্ত অভিজ্ঞতা ছিল টাইগারদের। অবশেষে ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ এবং সেই সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয়। এবার ঘরের মাঠ মিরপুরেও পাকিস্তানকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল শান্ত বাহিনী।
২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমেই ধাক্কা খায় পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারেই ইমাম-উল-হককে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। এরপর আজান আওয়াইস ১৫ ও অধিনায়ক শান মাসুদ ২ রান করে আউট হলে ৬৮ রানেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।

চতুর্থ উইকেটে আব্দুল্লাহ ফজল ও সালমান আগা ৫১ রানের জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করেন। তবে তাইজুল ইসলামের এলবিডব্লিউ ফাঁদে পড়ে ৬৬ রান করে সাজঘরে ফেরেন ফজল। পরের ওভারেই সালমান আগাকে আউট করেন তাসকিন। তিনি করেন ২৬ রান।
এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় বাংলাদেশ। নাহিদ রানার গতির সামনে দাঁড়াতেই পারেননি পাকিস্তানের ব্যাটাররা। টানা দুই ওভারে সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়ে পাকিস্তানের শেষ আশা ভেঙে দেন এই পেসার। দুজনই করেন ১৫ রান করে।
হাসান আলিকে ১ রানে এলবিডব্লিউ করেন তাইজুল ইসলাম। পরে শেষ দুই উইকেটও তুলে নেন নাহিদ রানা। মাত্র ৪০ রান খরচায় ৫ উইকেট শিকার করে ক্যারিয়ারের স্মরণীয় ফাইফার পূর্ণ করেন এই ডানহাতি গতিতারকা।

বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম নেন দুটি করে উইকেট। আর একটি উইকেট পান মেহেদী হাসান মিরাজ।
এর আগে প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং মুমিনুল হক ও মুশফিকুর রহিমের ফিফটিতে বাংলাদেশ তোলে ৪১৩ রান। জবাবে আজান আওয়াইসের সেঞ্চুরিতে পাকিস্তান সংগ্রহ করে ৩৮৬ রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমেই টাইগার বোলারদের তোপে গুঁড়িয়ে যায় সফরকারীরা।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত