
মেহেরপুরে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় শাকিল হোসেন নামে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছেন মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রোববার (২৪ মে) দুপুর দেড়টার সময় মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তাজুল ইসলাম এই রায় দেন। দেশের ইতিহাসে প্রথমবার ২৯ কার্ষদিবসের মধ্য সশরীরে ও ভিডিও কলের মাধ্যমে তিন দিনে স্বাক্ষীদের জবানবন্দি গ্রহণ করেন আদালত।দণ্ডপ্রাপ্ত শাকিল হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের আব্দাল হাসানের ছেলে। রায়ের বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেন মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিটর (পিপি) মোস্তাফিজুর রহমান তুহিন।
মামলার বিবরণী থেকে জানা গেছে, ২০২৫ সালের ১৬ জুন গাংনীতে ভুক্তভোগী শিশু তার বাবাকে বাড়ির পাশের ক্ষেতে খাবার দিতে যাওয়ার সময় শাকিল হোসেন হাঁসুয়া দিয়ে হত্যার ভয় দেখিয়ে পাশের পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি বাড়ি ফিরে তার পরিবারকে বিষয়টি জানালে গ্রামবাসী শাকিলকে আটক করে গণপিটুনি দেয়। পুলিশ উত্তেজিত জনতার কাছ থেকে শাকিলকে উদ্ধার করে হেফাজতে নেয়। পরে শিশুটির বাবা বাদী হয়ে গাংনী থানায় একটি ধর্ষণ মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় পুলিশ।
মামলার তদন্ত রিপোর্ট পুলিশ আদালতে দাখিলের পর ২৯ কার্যদিবসের মধ্যে মামলায় ১২ জন সাক্ষী ভিডিও কল ও সশরীরে জবানবন্দি দেন। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত শাকিল হোসেনকে মৃত্যুদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেন। জরিমানার টাকা আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে আদালতের মাধ্যমে ভুক্তভোগীর পরিবারকে পরিশোধের আদেশ দিয়েছেন আদালত।
রায় ঘোষণাকালে আদালতে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মোস্তাফিজুর রহমান তুহিনসহ অন্যান্য আইনজীবী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। রায় প্রকাশের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করলেও শাকিল হোসেনের আইনজীবী মারুফ আহমেদ বিজন উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত