
মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) পরিচালিত বিএ ও বিএসএস পরীক্ষা-২০২৫-এর প্রথম সেমিস্টারের বাংলা ভাষা-১: সাহিত্য পরীক্ষা রাজবাড়ীর পাংশা সরকারি কলেজ কেন্দ্রে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার পূর্ণমান ছিল ১০০।
পাংশা সরকারি কলেজ কেন্দ্রে এ পরীক্ষায় মোট ৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৫ জন অংশ নেন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু ও শেষ হয়।
পরীক্ষা চলাকালে কেন্দ্রের পরিবেশ ছিল শান্ত ও শৃঙ্খলাপূর্ণ। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা নকলের অভিযোগ ছাড়াই সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএ ও বিএসএস পরীক্ষা-২০২৫ শুক্রবার থেকে দেশব্যাপী একযোগে শুরু হয়েছে। সারা দেশের ২৮৮টি সরকারি-বেসরকারি কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত মোট ২ লাখ ৪৭ হাজার ১৩ জন পরীক্ষার্থী এতে অংশ নিচ্ছেন। এর মধ্যে ১ লাখ ৪৫ হাজার ৫৭৭ জন পুরুষ এবং ১ লাখ ১ হাজার ৪৩৬ জন নারী পরীক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতি শুক্রবার ও শনিবার সকাল ও বিকালে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা আগামী ৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলবে।





