
মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ইউনিয়নবাসীর সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন সাবেক ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম খাঁন মাজেদ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সাওরাইল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম খাঁন মাজেদের নিজ বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভাকে ঘিরে দুপুর থেকেই সাওরাইল ইউনিয়নের বিভিন্ন এলাকার নারী-পুরুষের অংশগ্রহণে এলাকায় নির্বাচনী আমেজ সৃষ্টি হয়। সভায় স্থানীয় বাসিন্দারা অংশ নিয়ে আসন্ন নির্বাচন ও ইউনিয়নের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী ও সাওরাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. নুরুল ইসলাম খাঁন মাজেদ বলেন, তিনি দীর্ঘ প্রায় নয় বছর সাওরাইল ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময়ে দল-মত ও ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে ইউনিয়নের মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন।
তিনি বলেন, “রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ যদি আমাকে সাওরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেন, তাহলে আমি ইউনিয়নবাসীকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব। দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের পাশে থেকে তাদের সেবা করতে চাই।”
তিনি আরও বলেন, “রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব। জনগণের ভালোবাসা ও সহযোগিতা এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সাওরাইল ইউনিয়নকে আরও উন্নত ও সমৃদ্ধ করা সম্ভব।”
সভায় সভাপতিত্ব করেন মো. আব্দুল খালেক বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অবিভক্ত পাংশা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ, মো. বাবলু মাস্টার, প্রভাষক আবু জাফর ও মো. নান্নু বিশ্বাস।
সভাটি সঞ্চালনা করেন কালুখালী উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন যুগ্ম সাধারণ সম্পাদক পিয়াস হোসেন। এ সময় সাওরাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





