
পদ্মা ও যমুনা নদীতে প্রবল স্রোত ও বৈরী আবহাওয়ার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বুধবার (২৫ জুন) বিকেল ৪টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়।
বিআইডব্লিউটিএ দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল জানান, “পদ্মা ও যমুনা নদীতে প্রবল স্রোতের কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিকেল ৪টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। নদী বর্তমানে কিছুটা উত্তাল রয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হবে।”
তবে লঞ্চ চলাচল বন্ধ থাকলেও এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. সালাহউদ্দিন। তিনি জানান, “দৌলতদিয়া প্রান্তে কোনো যানবাহনের সিরিয়াল নেই। বর্তমানে এ রুটে ১২টি ছোট-বড় ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার অব্যাহত রয়েছে।”
নদীতে পানি বৃদ্ধির পাশাপাশি স্রোতের গতি বেড়ে যাওয়ায় নৌযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে লঞ্চ চলাচল বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।





