
কলম্বোর সিরিজ নির্ধারণী টেস্টে ব্যাট হাতে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিন সকালেই মাত্র ২৭ রান যোগ করে অলআউট হয় টাইগাররা। প্রথম ইনিংসে দলের সংগ্রহ দাঁড়ায় ২৪৭ রান। অথচ একই উইকেটে যেন অনায়াসেই রান তুলছেন শ্রীলঙ্কার ব্যাটাররা।
আজ (বৃহস্পতিবার) দ্বিতীয় দিনের প্রথম সেশনে লঙ্কান দুই ওপেনার লাহিরু উদারা ও পাথুম নিশাঙ্কা তুলে নেন দারুণ এক উদ্বোধনী জুটি। ২১ ওভারেই কোনো উইকেট না হারিয়ে তারা সংগ্রহ করে ৮৩ রান। ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন নিশাঙ্কা। পরে তাইজুল ইসলামের করা ২৪তম ওভারে রিভিউয়ের মাধ্যমে লাহিরু উদারাকে এলবিডব্লিউ করে বাংলাদেশের পক্ষে প্রথম সাফল্য এনে দেন।
তবে উইকেট হারানোর পরও থেমে যায়নি শ্রীলঙ্কা। নিশাঙ্কা ৬৮ রানে এবং অভিজ্ঞ দিনেশ চান্দিমাল ৩০ রানে অপরাজিত থেকে দলকে নিয়ে যাচ্ছেন শক্ত ভিতের পথে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১৩৯/১, এখনো ১০৮ রানে পিছিয়ে স্বাগতিকরা।
প্রসঙ্গত, আগের দিন (বুধবার) ৮ উইকেটে ২২০ রান করে দিন শেষ করেছিল বাংলাদেশ। আজ দ্বিতীয় দিন সকালে মাত্র ৪৬ মিনিটেই বাকি দুই উইকেট হারিয়ে ২৪৭ রানে থামে টাইগারদের ইনিংস। ব্যাটিং সহায়ক বলে মনে হলেও, বাংলাদেশের ব্যাটাররা পিচের সুবিধা নিতে পারেননি। সেই পিচেই লঙ্কান ব্যাটারদের আত্মবিশ্বাসী ব্যাটিং চোখে পড়ার মতো।





