
এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হওয়া মিরপুর সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফকে সাভার এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব-৪।
রোববার (২৯ জুন) দিবাগত রাতে রাজধানীর সাভার থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে র্যাব।
এর আগে রোববার সকাল ৮টার দিকে রাজধানীর ভাটারা এলাকার বাসা থেকে বের হয় মাহিরা। তার ভাটারা থানাধীন কেন্দ্রেই এইচএসসি পরীক্ষা ছিল। দুপুর ১টার দিকে পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও মাহিরা বাড়ি না ফিরলে তার পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে।
পরিবার সূত্রে জানা যায়, পরীক্ষা কেন্দ্রে খোঁজ নিতে গেলে তারা জানতে পারেন—মাহিরা পরীক্ষায় অংশই নেয়নি। পরে সন্ধ্যায় ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন মাহিরার স্বজনরা। এরপর থেকেই র্যাব ও পুলিশের পক্ষ থেকে অনুসন্ধান শুরু করা হয়।
র্যাব জানায়, প্রযুক্তি ব্যবহার করে মাহিরার অবস্থান সনাক্ত করা হয় এবং পরবর্তীতে সাভার এলাকা থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।
পরবর্তী ব্যবস্থা
মাহিরাকে জিজ্ঞাসাবাদের জন্য আইনশৃঙ্খলা বাহিনী হেফাজতে রাখা হয়েছে। কী কারণে সে পরীক্ষায় না গিয়ে সাভারে অবস্থান করছিল, তা তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে র্যাব সূত্রে জানা গেছে।





