
দুই পর্দার সমান জনপ্রিয় মুখ আশনা হাবিব ভাবনা বরাবরই সাহসী কণ্ঠে নিজের অবস্থান তুলে ধরেছেন। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি স্পষ্টবাদী, নিজের জীবন ও পছন্দ নিয়ে কখনো রাখঢাক করেননি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সিন্ডিকেট প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “আমি সিন্ডিকেটকে পাত্তা দেই না। যার সঙ্গে কাজ করতে ভালো লাগে, সে তার সঙ্গেই করবে — এটাই বাস্তবতা। শিল্পীর কাজ হলো ভিড়ের মধ্যেও নিজেকে আলাদা করে তোলা। প্রকৃত শিল্পীদের সিন্ডিকেটকে ভয় পাওয়ার কিছু নেই।”
তিনি আরও যোগ করেন, “আমার স্ট্রাগল এখনও চলছে এবং আমি সেটা উপভোগ করি। আমি কাউকে ভয় পাই না। আমাকে আটকে রাখা সম্ভব নয় — একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ তা পারে না।”
ভাবনার মতে, শিল্পে টিকে থাকতে হলে অন্যের ওপর নির্ভর না করে নিজের পথ নিজেকেই তৈরি করতে হয়। “আমি চাই না কেউ আমাকে হাত ধরে কোথাও নিয়ে যাক। আমার রাস্তাটা যেন শুধুই আমার হয়।” — বলেন তিনি।
টেলিভিশন নাটক দিয়ে জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রী গত তিন বছরে নাটক থেকে কিছুটা দূরে। বর্তমানে চলচ্চিত্র নিয়েই ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যে ‘ভয়ংকর সুন্দর’ ও ‘লাল মোরগের ঝুঁটি’ মুক্তি পেয়েছে, যা তার অভিনয় দক্ষতার অনন্য প্রমাণ।





