
২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে রাজবাড়ীর কালুখালীতে বিজয় মিছিল করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ২টায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি কালুখালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেলস্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনে মনোনয়ন প্রত্যাশী হারুণ অর রশিদ। তিনি বলেন, “ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, কিন্তু স্বৈরাচারের সহযোগীরা এখনো সক্রিয়। তাদের প্রতিহত করতে সবাইকে সতর্ক থাকতে হবে। সামনে জাতীয় নির্বাচনের রোডম্যাপ আসছে, আর দিনের ভোট রাতে হবে না।”


এসময় গত বছরের গণআন্দোলনে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-১ আসনের মনোনয়নপ্রত্যাশী আব্দুস সালাম মিয়া, উপজেলা বিএনপির সভাপতি মোঃ লুৎফর রহমান খান, সিনিয়র সহ-সভাপতি তৈয়বুর রহমান তৈয়ব, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাকিবুল হাসান রুমা, যুবদল নেতা ফেরদৌস হাসান টিটো, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম মুন্নু, ছাত্রদল সভাপতি মোঃ জামাল খান, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্যসহ বিভিন্ন ইউনিয়ন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
