
রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বাস্তখোলা গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবে প্রাণ হারিয়েছে দেড় বছর বয়সী মাইশা খাতুন। সোমবার (১১ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
মাইশা স্থানীয় বাসিন্দা মো. মিরাজ শেখ ও নাসরিন বেগমের চার সন্তানের মধ্যে সবার ছোট ও সবার আদরের ছিল। বাবা পেশায় মৎস্যজীবী। হঠাৎ এভাবে ছোট্ট মেয়েকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে গেছে পরিবার। মায়ের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পুরো বাড়ি।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ঘটনার সময় মা নাসরিন বেগম বাড়ির বাইরে কাজে ব্যস্ত ছিলেন। খেলার ছলে মাইশা বাড়ির উঠানের পাশের পুকুরের দিকে চলে যায় এবং অসতর্কতাবশত পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা।
পরে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করে শিশু মাইশা। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাস্তখোলা গ্রামে। এক পরিবারের এই শোক যেন পুরো এলাকার হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে।





