
ঢাকা থেকে নির্ধারিত সময়ের প্রায় পৌনে তিন ঘণ্টা দেরিতে চট্টগ্রাম পৌঁছায় মহানগর এক্সপ্রেস। এর ফলে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস ধরতে না পেরে শতাধিক যাত্রী ক্ষোভ প্রকাশ করে স্টেশনে বিক্ষোভ শুরু করেন এবং পরে রেললাইন অবরোধ করেন।
রবিবার (২৪ আগস্ট) সকালে এ ঘটনায় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস প্রায় দেড় ঘণ্টা স্টেশনে আটকে থাকে। রেলওয়ে সূত্রে জানা যায়, মহানগর এক্সপ্রেসের নির্ধারিত পৌঁছানোর সময় ছিল রাত ৩টা ৩০ মিনিট। কিন্তু এটি পৌঁছায় সকাল ৬টা ১০ মিনিটে। ফলে সকাল ৭টা ৫০ মিনিটে ছাড়ার কথা থাকলেও পাহাড়িকা এক্সপ্রেস যাত্রীদের আন্দোলনের কারণে সকাল ৯টার দিকে সিলেটের উদ্দেশে যাত্রা শুরু করে।
চট্টগ্রাম রেলস্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার জানান, সৈকত এক্সপ্রেস ধরতে না পারা কয়েকজন যাত্রী বিকল্প পথে গন্তব্যে রওনা হন। আর কিছু যাত্রীকে বিকেল ৩টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া প্রবাল এক্সপ্রেসে কক্সবাজার পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।





