
বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প মারাত্মক সংকটে পড়েছে। গত এক বছরে ১৮৫টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এতে হাজার হাজার শ্রমিক চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েছেন।
রোববার (১২ অক্টোবর) এক সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশ গার্মেন্ট ও বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ) জানায়, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে, যার ফলে রপ্তানি কমেছে প্রায় ৫–৬ শতাংশ।
অ্যাসোসিয়েশনের নেতারা জানান, কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বিদেশি ক্রেতাদের আগ্রহও কমছে। তারা বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে পোশাক মেলা হলেও বাংলাদেশের অংশগ্রহণ সীমিত, যা রপ্তানি বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে।
বিজিবিএর পক্ষ থেকে বলা হয়,
“বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে টেকসই উৎপাদনের জন্য উৎপাদক ও বায়িং হাউসগুলোর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় এখন সময়ের দাবি।”
নেতারা আরও জানান, যুক্তরাষ্ট্রে উচ্চ শুল্ক, এবং বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা—এই দুই কারণেও ক্রেতারা নতুন অর্ডার দিতে দ্বিধায় আছেন।
বিশ্লেষকদের মতে, তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির প্রাণ। তাই খাতটিকে টিকিয়ে রাখতে সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলোর দ্রুত সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি।





