
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে জেমটেক্স লিংকেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রায় ২ কোটি টাকার পোশাকের অ্যাক্সেসরিজ (লেইচ) পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ বলেন, “ভারত থেকে আনা প্রায় ৪০ কেজি লেইচ ছিল সেখানে। আমার সিঅ্যান্ডএফ এজেন্ট জানিয়েছেন—মালামাল পুড়ে যাওয়ার আশঙ্কা ৯৯ শতাংশ। ডিএইচএল-এর প্রতিনিধিরাও বলেছেন, ধরে নেন কিছু নেই—সব পুড়ে গেছে।”
তিনি জানান, এই অ্যাক্সেসরিজ দিয়েই ১ লাখ ৬২ হাজার ডলারের রপ্তানি করার কথা ছিল। কিন্তু লেইচ না থাকায় এখন সেই রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রবল।
“এর আগে একবার ডেট ফেইল করেছি। এবারও দিতে না পারলে বায়ার অর্ডার ক্যানসেল করে দেবে,”
বলেন ইমরান আহমেদ।
তিনি আরও বলেন, “এই লেইচ বাংলাদেশে পাওয়া যাচ্ছিল না। বায়াররাই দ্রুত ভারতে তৈরি করে পাঠিয়েছিল। এখনো বায়ারকে জানাইনি—সব পুড়ে গেছে। কিন্তু অর্ডার ক্যানসেল হলে পুরোটা লোকসান হবে। পণ্য তৈরি হয়ে আছে, শুধু লেইচ লাগিয়ে রপ্তানি করার কথা ছিল। যদি অর্ডার বাতিল হয়, আমি আর কারখানা চালাতে পারবো না।”





