
বিতর্কিত ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। তবে এবার নিজ জেলা বগুড়া নয়, লড়বেন রাজধানীর ঢাকা-১৭ আসনে, যেখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
হিরো আলম জানিয়েছেন, তিনি এবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
তবে একাধিক রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগ করছে বলেও দাবি করেছেন তিনি।“অনেক দলের প্রধানের সঙ্গে কথা হচ্ছে। যদি ব্যাটে-বলে মিলে যায়, কোনো দলে যোগ দিতে পারি; নইলে স্বতন্ত্রভাবেই লড়ব।”
ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, বারিধারা, মহাখালী ও মিরপুরের কিছু অংশ নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন।
এর আগেও একই আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হিরো আলম।
সেই নির্বাচনের দিন তিনি হামলার শিকার হন, যা নিয়ে আন্তর্জাতিকভাবে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্সসহ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতেরা যৌথ বিবৃতি দিয়ে নিন্দা জানান।
২০১৮ সালের নির্বাচনে বগুড়া থেকে সিংহ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হিরো আলম।
যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হলেও আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পান।
তবে ভোটের দিন কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করেন তিনি।





