
বিশ্বজুড়ে বিজ্ঞান অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ডিএনএ’র দ্বি-হেলিক্স কাঠামোর সহ–আবিষ্কারক, মার্কিন জীববিজ্ঞানী জেমস ডিউই ওয়াটসন আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।
শনিবার (৮ নভেম্বর) বার্তা সংস্থা এএফপি জানায়, বৃহস্পতিবার তিনি যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ডের একটি হসপিস কেয়ার কেন্দ্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন কর্মরত থাকা কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরি তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
১৯৫৩ সালে মাত্র ২৫ বছর বয়সে সহকর্মী ফ্রান্সিস ক্রিকের সঙ্গে মিলেই ওয়াটসন ডিএনএ’র দ্বি-হেলিক্স কাঠামো আবিষ্কার করেন — যা জীববিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব ঘটায়।
এই আবিষ্কারের জন্য ১৯৬২ সালে ওয়াটসন, ক্রিক ও মরিস উইলকিন্স যৌথভাবে নোবেল পুরস্কার পান।
তাদের উপস্থাপিত মডেলটি ডিএনএ অণুর জেনেটিক উত্তরাধিকার প্রক্রিয়ার সঠিক ব্যাখ্যা দেয়, যা আজও জীববিজ্ঞানের মৌলিক ভিত্তি।
১৯২৮ সালে শিকাগোতে জন্মগ্রহণকারী ওয়াটসন ১৫ বছর বয়সেই ইউনিভার্সিটি অব শিকাগোতে ভর্তি হন এবং ২২ বছর বয়সে পিএইচডি সম্পন্ন করেন।
তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন এবং মানব জিনোম প্রকল্পের পরিচালক (১৯৮৮–১৯৯২) হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তার লেখা বিখ্যাত বই “The Double Helix” বিজ্ঞানের জগতে বেস্টসেলার হয়ে ওঠে।
নারী বিজ্ঞানী রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন ও অন্যান্য সহকর্মীদের অবদানের প্রতি অবমাননাকর মন্তব্য,
এবং ২০০৭ ও ২০১৯ সালে জাতিগত মন্তব্যের বিতর্কে তার পদ ও মর্যাদা হারান তিনি।
তবুও তার আবিষ্কার বিজ্ঞানের ইতিহাসে এক অনন্য মাইলফলক হয়ে থাকবে।
#ডিএনএ’র আবিষ্কারক নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসনের পরলোকগমন





