
রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নে সুরাইয়া (চার মাসের অন্তঃসত্ত্বা) নামে এক গৃহবধূকে বটি দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে শহীদওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সুরাইয়া ওই গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী।
স্বজনদের বরাতে জানা যায়, ভোরে সুরাইয়া ঘুম থেকে উঠে শাশুড়ির সঙ্গে ফজরের নামাজ আদায় করেন। নামাজ শেষে শাশুড়ি প্রতিদিনের মতো হাঁটতে বের হলে সুরাইয়া বাড়ির উঠান ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় পরিবারের অন্য সদস্যরা ঘুমিয়ে ছিলেন। পরে হাঁটা শেষে বাড়ি ফিরে শাশুড়ি সুরাইয়াকে খুঁজে না পেয়ে বাড়ির খড়ির ঘরে গলাকাটা অবস্থায় তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দজার জিয়াউর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।





