
এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজবাড়ীর পাংশায় উঠান বৈঠক/অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে বিএডিসি (সেচ) কার্যালয়ের সামনে পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নির্বাচন ও গণভোট নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক।
তিনি বলেন, এবারে দুইটি ব্যালটে ভোট হবে। একটি ব্যালট হবে এমপি প্রার্থী নির্বাচনের আরেকটি হবে গণভোটের ব্যালট। গণভোটের ব্যালটে দুইটা অপশন থাকবে একটা হ্যাঁ আরেকটা না।
গণভোটে হ্যাঁ দিলে কি কি সুবিধা পাবেন সে সম্পর্কে তিনি অবহিত করেন।
তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ভোটারদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে প্রত্যেক নাগরিককে ভোটাধিকার প্রয়োগে এগিয়ে আসতে হবে।
উঠান বৈঠক/অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ তোফাজ্জল হোসেন, পাংশা বিএডিসির সহকারী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) (অ.দা) মো. মিজানুর রহমান প্রমুখ।
উঠান বৈঠকে স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অবগত হন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে পাংশা উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এ ধরনের উঠান বৈঠক ও সচেতনতামূলক সভা অব্যাহত থাকবে।





