
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসিরুল হক সাবু’র পক্ষে রাজবাড়ীর কালুখালী উপজেলায় গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কলস মার্কা প্রতীকের পক্ষে এ গণসংযোগ করেন তাঁর সমর্থক ও নেতাকর্মীরা।
বিকাল ৫টার দিকে কালুখালী উপজেলার রতনদিয়া বাজার ও রেলস্টেশন বাজার এলাকায় গণসংযোগ কার্যক্রম চালানো হয়। এ সময় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন প্রার্থীর ভাই ও পাংশা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এ আর মাহমুদুল হক রোজেন।
গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আর মাহমুদুল হক রোজেন বলেন, “নাসিরুল হক সাবু’র কলস মার্কা প্রতীকের পক্ষে এলাকায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা যেখানে যাচ্ছি, সেখানেই মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। ভোটারদের আগ্রহ ও ভালোবাসা আমাদের আশাবাদী করে তুলছে।”
তিনি আরও বলেন, “নির্বাচনী পরিবেশ যদি শান্তিপূর্ণ ও সুষ্ঠু থাকে, তাহলে কলস মার্কা প্রতীকের বিজয় নিশ্চিত হবে বলে আমরা আশা করছি।”
এ সময় গণসংযোগ কার্যক্রমে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

