
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করবেন। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় আলী নেওয়াজ খৈয়ামসহ মোট ২৪ জনকে প্রতিমন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনারের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন নবনির্বাচিত এমপিরা। রাজবাড়ীসহ দেশের বিভিন্ন প্রান্তের কর্মী ও সাধারণ মানুষের কাছে জনপ্রিয় নেতা আলী নেওয়াজ খৈয়াম প্রতিমন্ত্রী হিসেবে ডাক পাওয়ায় তাঁর নির্বাচনী এলাকায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান তাঁর নতুন মন্ত্রিসভায় অভিজ্ঞতার পাশাপাশি তারুণ্যকেও গুরুত্ব দিয়েছেন। আলী নেওয়াজ খৈয়াম দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতার পুরস্কার হিসেবে এই দায়িত্ব পাচ্ছেন। প্রতিমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “শহীদ জিয়ার আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় জনগণের সেবায় নিজেকে বিলিয়ে দেওয়াই হবে আমার মূল লক্ষ্য।”
আলী নেওয়াজ খৈয়াম ছাড়াও ২৪ সদস্যের এই প্রতিমন্ত্রী তালিকায় রয়েছেন দেশের রাজনীতির পরিচিত ও আলোচিত সব মুখ। উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন:
-
এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শামা ওবায়েদ, সুলতান সালাহউদ্দিন টুকু।
-
ব্যারিস্টার কায়সার কামাল, জোনায়েদ সাকি, নুরুল হক নুর, ইশরাক হোসেন।
-
আজিজুল বারি হেলাল, ফরহাদ হোসেন আজাদ, শরিফুল আলম, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
-
ববি হাজ্জাজ, আহমেদ সোহেল মঞ্জুর এবং টেকনোক্রেট কোটায় আমিনুল হক।
বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসা বিএনপির এই নতুন মন্ত্রিসভাকে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কারের বিশাল দায়িত্ব কাঁধে নিতে হবে। বিশ্লেষকরা মনে করছেন, আলী নেওয়াজ খৈয়ামের মতো মাঠপর্যায়ের নেতাদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি সরকারের প্রশাসনিক কাজে গতিশীলতা আনবে।
উল্লেখ্য, এবারের শপথ গ্রহণ অনুষ্ঠানটি প্রথা ভেঙে বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের উন্মুক্ত চত্বরে (দক্ষিণ প্লাজা) অনুষ্ঠিত হচ্ছে, যা জুলাই গণ-অভ্যুত্থানের স্পৃহা ও জনঘনিষ্ঠতাকে ধারণ করার প্রতীক হিসেবে দেখছে সরকারি দল।





