
রাজবাড়ীতে পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে স্যানিটারি ব্যবসায়ী জাহিদ ফকির (২৭) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শিখন (২৫)-কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন মাঝকান্দি বাজার এলাকায় আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব-১০ তাকে গ্রেফতার করে।
মামলার এজাহার অনুযায়ী, গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে রাজবাড়ী জেলার কিশলয় স্কুলের সামনে পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে আসামি রাতুল (২৮) ও তার সহযোগীরা স্যানিটারি ব্যবসায়ী জাহিদ ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা (মামলা নং-১৯, ধারা-৩০২/৩৪ দণ্ডবিধি) রুজু করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে জড়িতদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান অব্যাহত রাখে।
র্যাব আরও জানায়, এ মামলার প্রধান আসামি রাতুলকে আগেই গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত শিখনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।


